লাতু ডেস্ক, ১৯ সেপ্টেম্বর ২০২৬:: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্সে এবার পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। সঙ্গে মিলেছে স্বর্ণ ও বিভিন্ন দেশের মুদ্রা।
শনিবার সন্ধ্যায় এ তথ্য জানান সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও মাজার কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী।
মাজার কর্তৃপক্ষ জানায়, পাওয়া স্বর্ণের পরিমাণ এক ভরি নয় আনা দুই রতি। এ ছাড়া ভারত, যুক্তরাজ্য, সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।
শনিবার সকাল ৯টার দিকে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে দানের ডেগ ও দানবাক্স খোলা হয়। এরপর প্রকাশ্যে টাকা ও অন্যান্য সামগ্রী গণনা করা হয়।
এ সময় কয়েকটি চিঠি ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায়। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতিতে মাদরাসার শিক্ষার্থীরা টাকা গণনা করেন।
মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে গঠিত ১৩ সদস্যের কমিটির তত্ত্বাবধানে এ গণনা করা হয়। গণনা শেষে টাকা জেলা প্রশাসনের মাধ্যমে মাজারের নামে সোনালী ব্যাংকে খোলা হিসাবে জমা রাখা হবে।
এর আগে ২২ জুন প্রথম দফায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, ১১ জুলাই দ্বিতীয় দফায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা এবং ১৫ আগস্ট তৃতীয় দফায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়।
জেলা প্রশাসন জানায়, আগের তিন দফায় মোট এক কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩৭৪ টাকা পাওয়া যায়। এবারের টাকা যোগ করে চার দফায় মোট পাওয়া গেছে দুই কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৩৪০ টাকা।
মাজারের দানের টাকা ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ২৬ জুন ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়। এরপর থেকে নিয়মিত বিরতিতে প্রকাশ্যে দানের টাকা গণনা করা হচ্ছে।




