নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নী মৃত্যুর ঘটনায় তার ননদ ছামেলী আক্তারকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুর থানার বছিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছামেলী আক্তার বড়লেখার মুড়িরগুল গ্রামের মৃত ইয়াছিন আলীর মেয়ে।
জানা গেছে, গত ২১ আগস্ট বিকেল সাড়ে দুইটা থেকে তিনটার মধ্যে যেকোনো সময় বড়লেখা উপজেলার মুড়িরগুল এলাকায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে মুন্নী আত্মহত্যা করেন। এ ঘটনায় যৌতুকের জন্য নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁর মা রেনু বেগম ৫ সেপ্টেম্বর বড়লেখা থানায় মামলা করেন। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) শেখ কামরুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আবদুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল দুই দিন অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশের সহায়তায় বছিলা এলাকা থেকে মামলার প্রধান আসামী ছামেলী আক্তারকে গ্রেপ্তার করা হয়।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নীর মৃত্যুর ঘটনায় মামলার প্রধান আসামি ছামেলীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



