নিজস্ব প্রতিবেদক:: ইতালি প্রবাসী ফখরুল ইসলামের লাশ দেশে ফিরিয়ে আনতে পরিবারের পাশে দাঁড়িয়েছে গণঅধিকার পরিষদ। শুক্রবার সন্ধ্যায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের পক্ষ থেকে ফখরুল ইসলামের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আব্দুন নুর তালুকদার। এ সময় তিনি ফখরুল ইসলামের লাশ দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
জানা গেছে, ফখরুল ইসলাম ইতালি থেকে বাংলাদেশে ফেরার পথে বিমানে ওঠার পর হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তুর্কি এয়ারলাইনসের বিমানটি জরুরি অবতরণ করে জর্জিয়ায়। সেখানকার একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর গত ১৫ জুলাই তিনি মারা যান।
পরিবারের বিশেষ অনুরোধে ফখরুল ইসলামের লাশ দেশে ফিরিয়ে আনতে মৃত্যুর পরদিন ১৬ জুলাই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ও সচিব বরাবর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দুটি আবেদন করেন আব্দুন নুর তালুকদার।
শুক্রবার সন্ধ্যায় ফখরুল ইসলামের বাড়িতে গিয়ে তাঁর অভিভাবক মো. লাল মিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আব্দুন নুর তালুকদারসহ পরিষদের বড়লেখা উপজেলা শাখার নেতারা। তাঁরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ফখরুল ইসলামের লাশ দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় গণঅধিকার পরিষদ মনোনীত বড়লেখা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রুমানা ফেরদৌস ও উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল মুকিত উপস্থিত ছিলেন।




