লাতু ডেস্ক:: হযরত শাহ্জালাল (র.) দরগাহের দানবাক্সে এবার ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ ১০ হাজার টাকা। ছাগল বিক্রি বাবদ পাওয়া গেছে ১ লাখ ২৫ হাজার টাকা। সব মিলিয়ে দানে নগদ টাকা মিলেছে ৪৮ লাখ ৩৫ হাজার টাকা। শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত প্রায় ৬ ঘণ্টার গণনা শেষে এই হিসাব ঘোষণা করা হয়।
এছাড়া গণনার সময় সৌদি আরবের ১৩৫ রিয়াল, ভারতের ২ হাজার ৫৩২ রুপি, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ৫৪.২০ দিরহাম, ওমানের ১ দিনার ৪৫০ পয়সা, ইন্দোনেশিয়ার ৪ হাজার রুপিয়া, আমেরিকার (ইউএসএ) ২০ ডলার, হংকংয়ের ২০ ডলার, ইউরোপীয় ইউনিয়নের ২০ ইউরো, সিঙ্গাপুরের ১০ ডলার, কাতারের ২২ রিয়াল, মালয়েশিয়ার ৬ রিঙ্গিত এবং পাকিস্তানের ৬০ রুপি পাওয়া যায়। নগদ টাকা ও বিদেশি মুদ্রার পাশাপাশি দানবাক্স থেকে মূল্যবান অলঙ্কার ও ধাতু পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে স্বর্ণ ৯ গ্রাম. স্বর্ণসদৃশ বস্তু ১০ গ্রাম ও রুপা ৩৯.৪ গ্রাম। গণনা শেষে মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী এই হিসাব তুলে ধরেন।
এ সময় তিনি বলেন- তাদের তত্ত্বাবধানে থাকাকালীন একটি গরু দান করা হয়েছিলো। সেটি লঙ্গরখানায় রান্না করে মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। ছাগল পাওয়া যায় মোট ৬৫টি। এর মধ্যে ৪০টি ছাগল লঙ্গরখানায় রান্না করে বিতরণ করা হয়েছে। অবশিষ্ট ২৫টি ছাগল ১ লাখ ২৫ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়েছে। গণনাকালে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা সহ মাজার, মসজিদ, মাদ্রাসার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কমিটির প্রধান হচ্ছেন- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি ঢাকায় ব্যস্ত থাকায় আসতে পারেননি। তবে বাকি ১৩ জন সদস্যই উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১ টায় কমিটির সদস্যরা মাজার প্রাঙ্গণে যান। সবার উপস্থিতিতে ডেগ ও নতুন দানবাক্সগুলো থেকে ৪ বস্তা টাকা বের করে গণনা শুরু হয়। শাহজালাল (রহ.) মাজার মাদ্রাসার শিক্ষার্থীরা এই টাকা গণনা কার্যক্রমে অংশ নেয়। গণনা শেষে সংশ্লিষ্ট কমিটির অফিশিয়াল হিসাবপত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী দানবাক্সে নগদ বাংলাদেশি টাকার পাশাপাশি সোনা-রূপা, গবাদি পশু এবং বিশ্বের আরও ১২টি ভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।
গণনা শেষে টাকা সহ মালামাল সোনালী ব্যাংকের নির্ধারিত একাউন্টে জমা রাখা হয়েছে বলে জানিয়েছেন কমিটির সদস্য সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী। উপস্থিত থাকা সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী জানিয়েছেন- আগামী বৃহস্পতিবার মাজার পরিচালনা কমিটির বৈঠক হবে। ওই বৈঠকে সিদ্ধান্ত হবে টাকার কী হবে। তিনি জানান- মাজারের ব্যয়েরও খাত রয়েছে। সবদিক বিবেচনা করে সিদ্ধান্তে পৌঁছা হবে বলে জানান- তিনি।




