নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার একটি বসতঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। শনিবার ভোরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটক দুই যুবক হলেন-করমপুর গ্রামের মসুদ আলীর ছেলে জুনেদ আহমদ (২৯) এবং আতুয়া গ্রামের ফরিদ আলীর ছেলে নাজির আহমদ (২৮)।
ভুক্তভোগী গৃহবধূ, স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে প্রতিদিনের মতো বসতঘরের দরজা খুললে কয়েক মিনিটের মধ্যে চার থেকে পাঁচজন যুবক ঘরে প্রবেশ করে তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। সম্ভ্রম রক্ষায় গৃহবধূ প্রাণপণ প্রতিরোধ করেন এবং চিৎকার শুরু করলে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে জুনেদ আহমদ ও নাজির আহমদকে আটক করেন। তবে তাদের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয়দের দাবি, আটক দুই যুবক ইয়াবাসেবী এবং ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তাদের নানা অপকর্মে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অতিষ্ঠ। এছাড়া আটক দুজনের একজন বড়লেখা পৌরশহরের হার্ডওয়্যার ব্যবসায়ী শশাংক দত্ত অপহরণ মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, ভুক্তভোগীর চিৎকার শুনে স্বজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে আটক করেন। পরে দুপুরে ভুক্তভোগী নারী ও তিনি নিজে আটক দুজনকে থানায় সোপর্দ করেন।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক জানান, আটক দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।





