নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা রেদওয়ান আহমেদ ও মাশরাফ আহমেদ নামে দুই ভাইয়ের রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
গত ২১ মে বৃহস্পতিবার কিশোরগঞ্জে অবস্থানকালে স্থানীয় একটি মসজিদে এশার নামাজ আদায় করতে যাওয়ার পর থেকে তাদের আর খোঁজ মিলছে না বলে জানিয়েছে পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, ওই দিন রাতে নামাজ শেষে দুই ভাই বাসায় ফেরেননি। এরপর থেকেই আত্মীয়স্বজন ও পরিচিতজনদের সহযোগিতায় সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালানো হলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তাদের কোনো যোগাযোগ হয়নি এবং তাদের বর্তমান অবস্থান এখনো অজ্ঞাত। ঘটনার চার দিন পর, ২৫ মে ২০২৬ তারিখে তাদের মামা ইয়াহিয়া আহমেদ স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে পরিবারের অভিযোগ, জিডি করার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। ফলে নিখোঁজ দুই ভাইয়ের নিরাপত্তা নিয়ে পরিবারের উদ্বেগ ক্রমেই বাড়ছে।
পরিবারের দাবি, বর্তমান ঘটনাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নাও হতে পারে। এর আগে ২০২৩ সালের ৭ নভেম্বর ছোট ভাই মাশরাফ আহমেদ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন। সে সময় পরিবারের পক্ষ থেকে তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। দীর্ঘ অনুসন্ধান ও বিভিন্ন ব্যক্তির সহায়তায় প্রায় দুই মাস পর, ২০২৪ সালের ১৮ জানুয়ারি তাকে উদ্ধার করা সম্ভব হয়।
পরিবারের ভাষ্যমতে, উদ্ধার হওয়ার সময় মাশরাফকে চোখ বাঁধা অবস্থায় মামার বাড়ির সামনে ফেলে রাখা হয়েছিল। তবে তিনি কোথায় আটক ছিলেন বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত ছিল, সে বিষয়ে আজও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
বর্তমান নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, পূর্বের ঘটনার সঙ্গে এর কোনো যোগসূত্র থাকতে পারে। তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত, নিখোঁজ দুই ভাইয়ের দ্রুত সন্ধান এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
এদিকে দুই ভাইয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত তাদের সন্ধান এবং ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।





