নিজস্ব প্রতিবেদক:: চিকিৎসাকে কেবল পেশা নয়, মানবসেবার ব্রত হিসেবে গ্রহণ করেছেন ডাক্তার আব্দুল্লাহ আল মামুন। সেই মানবিক দায়বদ্ধতা থেকেই তিনি তার চেম্বারে নির্দিষ্ট কিছু শ্রেণির রোগীদের জন্য সম্পূর্ণ বিনা ভিজিটে চিকিৎসা সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
ডা. মামুনের ঘোষণা অনুযায়ী, বিনা ভিজিটে চিকিৎসা পাবেন বীর মুক্তিযোদ্ধা, জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা, চিকিৎসকের নিজ শিক্ষকমণ্ডলী, এতিম ও অতি দরিদ্র রোগী, অসচ্ছল কুরআনের হাফেজ এবং মসজিদের মুয়াজ্জিন।
অবশ্য মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার রোগীরা এই সেবা পাবেন। এরই মধ্যে মানবিক চিকিৎসকের এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসাও কুড়াচ্ছে।
জানা গেছে, মানবিক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন নর্থ ইস্ট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ডার্মাটোলজি ও মেডিসিন বিষয়ে ডিওসি ও এমসিজিপি প্রশিক্ষণ গ্রহণ করেন। বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর এ-১৪৬৮৭৩ ধারী ডা. আব্দুল্লাহ আল মামুন বর্তমানে মেডিসিন, ডায়াবেটিস, শিশুরোগ, এলার্জি ও চর্মরোগ বিষয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন।
তিনি নিয়মিতভাবে বড়লেখা ও জুড়ী উপজেলার দুটি চেম্বারে রোগী দেখছেন। বড়লেখার সুরমা ডায়াগনস্টিক সেন্টার (আল-আমিন মার্কেট, দ্বিতীয় তলা)-এ তিনি প্রতি মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত রোগী দেখেন। অন্যদিকে জুড়ী ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে, বাছিরপুর)-এ প্রতি শনিবার, রবিবার ও সোমবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত রোগী দেখেন।
ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, চিকিৎসা শুধু পেশা নয়, এটা মানুষের পাশে দাঁড়ানোর একটা সুযোগ। মুক্তিযোদ্ধা, শিক্ষক ও ধর্মীয় কাজে যুক্ত মানুষদের প্রতি কৃতজ্ঞতা থেকেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, অনেক মানুষ টাকার অভাবে চিকিৎসা নিতে পারেন না। আমি চাই, অন্তত কিছু মানুষ যেন ফি নিয়ে চিন্তা না করে চিকিৎসা নিতে পারেন। কেউ যেন শুধু টাকার কারণে কষ্ট নিয়ে ফিরে না যান।





