নিজস্ব প্রতিবেদক:: ব্লগার “হজরত বিনয় ভদ্র”-এর ওপর ১৬ জুলাই সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। নিরাপত্তাজনিত কারণে তাঁর অবস্থান প্রকাশ করা হয়নি।
জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ধর্ম ও সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে লেখালেখি করে আসছিলেন। তাঁর এসব লেখার কারণে তিনি যেমন আলোচনায় এসেছেন, তেমনি সমালোচনার মুখেও পড়েছেন।
২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার পর থেকে তিনি জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সরব হন। উগ্রবাদী সংগঠনগুলোর সহিংসতা ও চরমপন্থী কার্যকলাপের কড়া সমালোচনা করে তিনি নিয়মিত লেখালেখি চালিয়ে যান। এর জেরে বিভিন্ন মহল থেকে তিনি একাধিকবার হুমকির সম্মুখীন হন।
চলতি বছরে তাঁর লেখালেখি আরও সমালোচনামূলক হয়ে উঠলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন মহল থেকে তাঁর মতামত নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং একপর্যায়ে তাঁকে নাস্তিক বলে আখ্যায়িত করা হয়। এতে তাঁর বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া ও হুমকি আরও বৃদ্ধি পায়। এ অবস্থায় স্থানীয় প্রভাবশালী ধর্মীয় নেতা আব্দুল করিম হাক্কানি তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করে বক্তব্য পরিবর্তনের জন্য চাপ দেন এবং ধর্মীয় বিশ্বাস প্রকাশের আহ্বান জানান। তবে তিনি এতে অস্বীকৃতি জানালে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।
এরই ধারাবাহিকতায় গত ১৬ জুলাই অজ্ঞাত হামলাকারীরা তাঁর ওপর সশস্ত্র হামলা চালায় এবং ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
এদিকে, তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। সুশীল সমাজের বিভিন্ন মহল এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তারা বলেছেন, একজন লেখকের ওপর এ ধরনের সশস্ত্র হামলা শুধু ব্যক্তি নিরাপত্তার ওপর আঘাত নয়, এটি মতপ্রকাশের স্বাধীনতা ও ভিন্নমতের নিরাপত্তার জন্যও বড় ধরনের হুমকি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তাঁরা বলেন, মতাদর্শগত ভিন্নতা বা মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সহিংসতা কখনোই কোনো মতের জবাব হতে পারে না। সমাজে ভিন্নমত প্রকাশের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও তারা উল্লেখ করেন।
উল্লেখ্য, ‘হজরত বিনয় ভদ্র’ নামে লেখালেখি করা এই ব্লগারের প্রকৃত নাম এম.কিউ.জেড. কানন বলে জানা গেছে।





