নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় ঋত্বিক দাস (১৯) নামের এক যুবককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) মৌলভীবাজারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক ইসমাইল হোসাইন এ রায় ঘোষণা করেন। আসামি পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতে বিচারকাজ শেষে এ রায় দেওয়া হয়। দণ্ডিত ঋত্বিক দাস বড়লেখা উপজেলার পশ্চিম গগড়া এলাকার বাসিন্দা দিলীপ চন্দ্র দাসের ছেলে।
মামলার অভিযোগ ও আদালতের রায়ের নথি থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জানুয়ারি শুক্রবার বড়ময়দান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে তাঁদের মধ্যে শিন্নি বিতরণের আয়োজন করা হয়। এ জন্য ঋত্বিক দাসের পিতার দোকান থেকে মিষ্টি কেনা হয়েছিল। অভিযোগে বলা হয়, ওই দিন সকালে একই মিষ্টি একটি মন্দিরে প্রসাদ হিসেবেও বিতরণ করা হয়েছিল। বিষয়টি জানতে পেরে বাদী হাজী কামরুল হক কয়েকজন মুসল্লিকে সঙ্গে নিয়ে ঋত্বিক দাসের পিতার মালিকানাধীন দোকানে যান। সেখানে মিষ্টি বিক্রির বিষয়ে জানতে চাইলে ঋত্বিক উত্তেজিত হয়ে তাঁদের সঙ্গে অশালীন আচরণ করেন। এ সময় তিনি বাদীসহ উপস্থিত ব্যক্তিদের গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেন। পাশাপাশি ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তিমূলক ও অবমাননাকর বক্তব্য দেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে উপস্থিত ব্যক্তিরা সেখান থেকে চলে যান। পরে বাদী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। মামলার তদন্তের দায়িত্ব পান বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান।
মামলার নথি অনুযায়ী, তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ২০২৪ সালের ২২ ডিসেম্বর আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৫(ক) ও ২৯৮ ধারায় অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলাটি বিচারের জন্য মৌলভীবাজারের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। বিচারকাজ শেষে আদালত সাক্ষ্য-প্রমাণ, অভিযোগপত্র ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
রায়ে ঋত্বিক দাসকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশও দিয়েছেন আদালত। রায়ে বলা হয়েছে, আসামি গ্রেপ্তার হওয়ার অথবা আদালতে আত্মসমর্পণের দিন থেকে সাজা কার্যকর হবে।





