নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১ নম্বর বর্ণি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেহান উদ্দিন বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য ও পোস্ট দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে তাঁদের রাজনৈতিকভাবে সক্রিয় রাখার চেষ্টা এবং বিভিন্ন কর্মকাণ্ডে আর্থিক সহযোগিতা দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের অভিযোগ, রেহান উদ্দিন লন্ডনে অবস্থান করে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তাঁর ফেসবুকের বিভিন্ন পোস্ট ও রাজনৈতিক তৎপরতা নিয়ে স্থানীয় পর্যায়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলেও দাবি তাঁদের।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, মোহাম্মদ রেহান উদ্দিন দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগ ও আইনগত বিষয়গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সূত্রটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ রেহান উদ্দিন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ২০০৫ সালে তিনি বর্ণি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন। প্রায় আট বছর ওই পদে দায়িত্ব পালনের পর ২০১৩ সাল পর্যন্ত তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
পরবর্তী সময়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের রাজনীতিতে সক্রিয় হন তিনি। ২০১৫ সালের ২১ নভেম্বর থেকে তিনি ১ নম্বর বর্ণি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
দলীয় সূত্রের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতিতে রেহান উদ্দিনের সক্রিয় ভূমিকা রয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তিনি দেশের বাইরে অবস্থান করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর রাজনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন রাজনৈতিক বিষয়ে তিনি নিয়মিত মতামত ও পোস্ট দিচ্ছেন বলে দলীয় ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
অভিযোগ রয়েছে, লন্ডনে অবস্থানরত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন রেহান উদ্দিন। তাঁদের রাজনৈতিকভাবে সংগঠিত ও সক্রিয় রাখার পাশাপাশি বিভিন্ন কর্মকাণ্ডে আর্থিক সহযোগিতা দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
স্থানীয় বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতাকর্মী বলেন, বিদেশে অবস্থান করে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য ও পোস্ট দেওয়ার বিষয়টি তাঁরা ভালোভাবে দেখছেন না। তাঁকে দেশে ফিরিয়ে এনে অভিযোগগুলো তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা।
তবে মোহাম্মদ রেহান উদ্দিনের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বড়লেখা থানার এসআই জামাল খান সোমবার (২৭ জুলাই) বিকেলে বলেন, মোহাম্মদ রেহান উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ ও আইনগত বিষয়গুলো আমাদের নজরে রয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে। সে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হবে।






