বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, আজকের এই আনন্দঘন ও ঐতিহাসিক দিনে তাঁর মরহুম পিতা অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী বেঁচে থাকলে নিঃসন্দেহে অত্যন্ত আনন্দিত ও গর্বিত হতেন।
তিনি স্মৃতিচারণ করে বলেন, ২০০১ সালের জাতীয় নির্বাচন তাঁর বাবার রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অধ্যায়। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মৌলভীবাজার-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। একই নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনিও সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বলেন, দুই দশকেরও বেশি সময় পেরিয়ে আজ তাঁরা একটি নতুন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। অত্যন্ত কনিষ্ঠ সহকর্মী হিসেবে স্বল্প সময়ের জন্য হলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া এবং তাঁকে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করার এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পারাকে তিনি পরম সৌভাগ্য হিসেবে উল্লেখ করেন।
অভিনন্দন বার্তায় তিনি আরও বলেন, মহান আল্লাহ তায়ালা আমাদের মাননীয় রাষ্ট্রপতির ওপর সর্বদা তাঁর রহমত ও বরকত নাজিল করুন এবং তাঁকে ন্যায়, সততা, প্রজ্ঞা ও দেশপ্রেমের সঙ্গে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনের তৌফিক দান করুন। সংবাদ বিজ্ঞপ্তি




