নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখার ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে নতুন ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন হাফিজ মাওলানা আব্দুস সুবহান। গত বৃহস্পতিবার মসজিদে ইমাম নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় মেধার ভিত্তিতে তিনি প্রথমস্থান অর্জন করেন।
মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে নতুন ইমাম নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুযায়ী হাফিজ ও মাওলানা ডিগ্রিধারী, সুন্নতের অনুসারী এবং তিলাওয়াতে শুদ্ধ ও সুমধুর কণ্ঠসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ ছিল। এদিকে গত বৃহস্পতিবার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিজ্ঞ আলেম, অভিজ্ঞ ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি এবং মসজিদ কমিটির দায়িত্বশীলদের সমন্বয়ে গঠিত ১০ সদস্যের একটি বিচারক প্যানেলের তত্ত্বাবধানে পরীক্ষা গ্রহণ করা হয়। বাদ যোহর থেকে আসর পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় মোট ৩০ জন প্রার্থী অংশগ্রহণ করেন। তারা ধারাবাহিকভাবে শৃঙ্খলা বজায় রেখে কিরাত, তাজবিদ, ফিকহসহ বিভিন্ন বিষয়ে নিজেদের যোগ্যতা উপস্থাপন করেন।
বিচারকগণ নিরপেক্ষভাবে প্রতিটি প্রার্থীর পারফরম্যান্স মূল্যায়ন করে নম্বর প্রদান করেন। পরীক্ষা শেষে মসজিদ কমিটির দায়িত্বশীলদের উপস্থিতিতে মার্কশিট গণনা করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফলে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন রাজনগর উপজেলার হাফিজ মাওলানা আব্দুস সুবহান। তার এই সাফল্যে উপস্থিত সকলেই সন্তোষ প্রকাশ করেন এবং তাকে অভিনন্দন জানান।




