নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখার শাহবাজপুর সীমান্তে মাদক চোরাকারবারিরা বেপরোয়া হয়ে উঠেছে। শনিবার রাতে ভারতীয় মদ উদ্ধারের সময় চোরাকারবারিরা বিজিবির ওপর হামলা চালায়। রোববার রাতে বিজিবি তিনজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা করে।
সোমবার বিকেলে সাদা পোশাকে পুলিশের একটি দল ওই মামলার এক আসামিকে আটক করলে অপর আসামিরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সূত্র জানায়, শনিবার রাতে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইসলামপুর গ্রামে মাদক উদ্ধারের অভিযানে মাদক চোরাকারবারিরা বিজিবির ওপর হামলা চালায়। এরপরও দুই দফায় বিজিবি ১৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। হামলার ঘটনায় বিজিবি লাতু ক্যাম্পের হাবিলদার মং থোয়াই চিং মারমা তিন মাদক ব্যবসায়ীর নাম উল্লেখসহ আরও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মাদক আইনে মামলা করেন। ওই মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। সোমবার বিকেলে প্রধান আসামি জড়াইত আলীকে সাদা পোশাকধারী পুলিশ আটক করলে তার বাবা হারিছ আলীর নেতৃত্বে অন্যান্য আসামিরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।
শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমিনুল ইসলাম সোমবার সন্ধ্যা ৭টায় জানান, বিজিবির ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে আটক করলে অন্য আসামিরা সহযোগীদের নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। তবে আসামি গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।




