নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের একটি কীর্তন অনুষ্ঠানে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৪০ থেকে ৫০ জন ভক্ত আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জানুয়ারি, ২০১৯) দুপুরে হাকালুকি এলাকার পশ্চিম গগড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, ওই দিন বিকেলে গ্রামে আয়োজিত কীর্তন চলাকালে একদল মৌলবাদী আকস্মিকভাবে অনুষ্ঠানে হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে কীর্তনে অংশ নেওয়া ভক্তদের ওপর চড়াও হয়। এতে কীর্তনস্থলে ব্যাপক ভাঙচুর হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আহতদের অনেকে স্থানীয়ভাবে চিকিৎসা নেন, গুরুতর কয়েকজনকে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।
হামলায় আহতদের একজন শিপু লাল দাস। তিনি পশ্চিম গগড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতা দিবাংশু দাস ওই কীর্তনে ঠাকুর ঘরের বিশেষ দায়িত্বে নিয়োজিত ছিলেন। শিপু লাল দাস বলেন, ‘আমরা কিছু বুঝে ওঠার আগেই একদল লোক কীর্তন চলাকালে হঠাৎ হামলা শুরু করে। অনেকে আহত হয়েছেন।’ তিনি বলেন, আমার বাবা ঠাকুর ঘর রক্ষার দায়িত্বে ছিলেন। তার মাথায় দায়ের কোপ দেয় সন্ত্রাসীরা। তার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীদের তিনি চিনতে পেরেছি। তবে তাদের নাম বলতে ভয় লাগছে।’
বড়লেখা থানার এস আই জামাল উদ্দিন বলেন, বিষয়টি শুনেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




